মুসহাফের 93 নম্বর সূরা, আয়াত 11টি, 596 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. শপথ আলোকোজ্জ্বল দিনের,
2. শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।
3. হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে) তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।
4. আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।[১]
[১] এখানে الآخرة এবং الأولى এর অর্থ কয়েকটি হতে পারে: পরবর্তী সময় পূর্ববতী সময়, প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা।
5. আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
6. তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।
7. তোমাকে পেয়েছেন অনভিজ্ঞ (পথহারা)[১] অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।
[১] ঈমান ও কিতাব সম্পর্কে।
8. তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
9. সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
10. আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিও না।
11. আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।