তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা নূহ: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 71 নম্বর সূরা, আয়াত 28টি, 570 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-মাআরিজসূরা আল-জীন ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. নিশ্চয়ই আমি নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে, ‘তোমার সম্প্রদায়কে সতর্ক করে দাও, তাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে।’

2. নূহ (তার জাতিকে) বললো: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী,

3. ‘এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’

4. ‘আল্লাহ তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং (দুনিয়াতে) তোমাদেরকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত (বেঁচে থাকার) অবকাশ দিবেন; আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা (মৃত্যু) বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে!’

5. তিনি (নূহ) বললেন, ‘হে আমার রব! আমি তো আমার জাতিকে রাত-দিন (আপনার ইবাদাত ও একত্ববাদের প্রতি) আহ্বান করেছি।

6. ‘কিন্তু আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে।’

7. আর আমি যখনই তাদেরকে আহ্বান করেছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, তখনই তারা তাদের আঙুলগুলো নিজেদের কানে দিয়েছে, নিজেদের কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, (কুফরির ওপর) অটল থেকেছে এবং প্রবল অহংকার করেছে।

8. ‘তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি।’

9. ‘অতঃপর তাদেরকে আমি উচ্চস্বরে এবং অতি গোপনেও দাওয়াত দিয়েছি।’

10. অতঃপর (তাদেরকে) বলেছি: ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল।’

11. ‘তিনি তোমাদের ওপর প্রচুর (উপকারী) বৃষ্টি বর্ষণ করবেন,

12. ‘আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদেরকে দান করবেন বাগ-বাগিচা এবং নদী-নালা।’

13. ‘তোমাদের কী হল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছ না?’

14. ‘অথচ তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন।’[১]

[১] প্রথমে বীর্য অতঃপর রক্ত পিণ্ড অতঃপর মাংস পিণ্ড থেকে।

15. ‘তোমরা কি লক্ষ্য করো না যে, কীভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন?’

16. ‘আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলোকরূপে আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপরূপে।’

17. ‘আর আল্লাহ তোমাদেরকে উদ্‌গত করেছেন মাটি থেকে।’

18. ‘তারপর তিনি (মৃত্যুর পর) তোমাদেরকে তাতে ফিরিয়ে নিবেন এবং নিশ্চিতভাবে তোমাদেরকে পুনরুত্থিত করবেন।’

19. ‘আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য (বসবাসের উপযোগী করে) বিছানার মতো বিছিয়ে দিয়েছেন।’

20. ‘যাতে তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো।’

21. নূহ বললেন, ‘হে আমার রব! তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন একজনের অনুসরণ করেছে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায়নি।’

22. ‘আর তারা (নবীর বিরুদ্ধে) ভয়ানক ষড়যন্ত্র করেছে।’

23. আর তারা (নিজেদের অনুসারীদেরকে) বলেছে: ‘তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাসরকে।’[১]

[১] এগুলো তাদের ইবাদাতকৃত বাতিল উপাস্যদের নাম।

24. ‘বস্তুত তারা অনেককে পথভ্রষ্ট করেছে, আর (হে আল্লাহ) আপনি যালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না।’

25. তাদের পাপের কারণে তাদেরকে (দুনিয়াতে) ডুবিয়ে দেয়া হলো, অতঃপর আগুনে প্রবেশ করানো হলো। অতঃপর তারা আল্লাহর মোকাবেলায় নিজেদের জন্য কোনো সাহায্যকারী পায়নি।

26. আর নূহ বললো: ‘হে আমার রব! জমিনের ওপর কোন গৃহবাসী কাফিরকে অবশিষ্ট রাখবেন না।’[১]

[১] আল্লাহ নূহ আলায়হিস সালামকে যখন তার জাতির ঈমান না আনার সংবাদ দিলেন, তখন তিনি এ বদদু‘আ করলেন।

27. ‘আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুষ্কৃতকারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না।’

28. ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মু’মিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না।’

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-মাআরিজসূরা আল-জীন ›