তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-হাক্কাহ: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 69 নম্বর সূরা, আয়াত 52টি, 566 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কলমসূরা আল-মাআরিজ ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত)।

2. অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

3. আর হে রাসূল! কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

4. সামূদ ও ‘আদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যারোপ করেছিল।

5. আর সামূদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দ্বারা।

6. আর ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।

7. যা তিনি তাদের ওপর সাত রাত ও আট দিন একটানা প্রবাহিত করেছিলেন। ফলে তুমি (তখন সেখানে উপস্থিত থাকলে) তাদেরকে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ভেতর থেকে ফাঁপা খেজুর গাছের কাণ্ড।

8. অতঃপর তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও?

9. আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা (লূত সম্প্রদায়) পাপাচারে লিপ্ত হয়েছিল।

10. তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

11. যখন (নূহের সময়) জলোচ্ছ্বাস হলো, অবশ্যই তখন আমি তোমাদেরকে (তোমাদের পিতামহদেরকে) নৌযানে আরোহণ করিয়েছি।

12. যাতে একে আমি তোমাদের জন্যে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি এবং সংরক্ষণকারী কানগুলো তা সংরক্ষণ (স্মরণ) করতে পারে।

13. অতঃপর যখন (প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে- একটি মাত্র ফুঁক।

14. আর পৃথিবী ও পাহাড়সমূহকে তুলে নেওয়া হবে, অতঃপর এক আঘাতেই সেগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

15. ফলে সে দিন মহাঘটনা (কিয়ামত) সংঘটিত হবে।

16. আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হবে দুর্বল ও শিথিল।

17. আর ফিরিশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফিরিশতা তাদের ওপর বহন করবে।

18. সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।

19. সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে (খুশিতে অন্যদেরকে ডেকে) বলবে: ‘এই নাও, আমার আমলনামা তোমরাও পড়ে দেখো।’

20. ‘আমি (দুনিয়াতে জেনেছি ও) দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হবো।’

21. সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।

22. সুউচ্চ জান্নাতে,

23. যার ফলমূল (ভক্ষণকারীদের) হাতের নাগালে থাকবে।

24. (তাদেরকে বলা হবে,) ‘বিগত দিনসমূহে তোমরা যে আমল করেছিলে, তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।’

25. পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে (অনুশোচনা করে) বলবে: ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো!’

26. ‘আর (হায় আফসোস!) আমি যদি আমার হিসাব না জানতাম!’

27. ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো!’[১]

[১] যদি পরকালে পুনরুত্থান না হতে হতো, তাহলে তা কতই না ভালো হতো!

28. ‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’

29. ‘আমার ক্ষমতাও নিঃশেষ হয়ে গেলো।’

30. (ফিরিশতাদেরকে বলা হবে,) ‘তোমরা তাকে ধরো, অতঃপর তার গলায় বেড়ি পরিয়ে দাও।’

31. ‘তারপর তোমরা তাকে নিক্ষেপ করো জাহান্নামের (জ্বলন্ত) আগুনে।’

32. তারপর তাকে বাঁধো এমন এক শেকলে যা সত্তর হাত দীর্ঘ।

33. নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,

34. আর সে অভাবী-মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।

35. অতএব, আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।

36. আর ক্ষত-নিঃসৃত পুঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,

37. অপরাধীরাই শুধু তা খাবে।

38. অতএব তোমরা যা কিছু দেখছ, আমি তার শপথ করছি।

39. এবং তোমরা যা দেখতে পাও না তারও শপথ করছি,

40. নিশ্চয়ই এ আল-কুরআন একজন সম্মানিত রাসূলের (আনীত) বাণী।

41. আর এটি কোন কবির কথা নয়। এরপরও তোমরা খুব অল্পই ঈমান গ্রহণ করো।

42. আর এটি কোন গণকের কথাও নয়। এরপরও তোমরা কমই উপদেশ গ্রহণ করো।

43. বরং এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

44. যদি সে (মুহাম্মাদ) আমার নামে কোন মিথ্যা রচনা করত,

45. তবে আমি স্বীয় ক্ষমতাবলে তাকে শক্তভাবে পাকড়াও করতাম।[১]

[১] এ আয়াতে অর্থ কয়েকটি হতে পারে: আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম। অথবা আমি তার ডান হাত পাকড়াও করতাম।

46. তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা (ধমনী) কেটে দিতাম।

47. অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারতো না।

48. আর এ আল-কুরআন তো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।

49. আর নিশ্চয়ই আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ (এ কুরআনকে) মিথ্যা প্রতিপন্ন করে।

50. আর এ আল-কুরআন নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।

51. আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

52. অতএব, হে রাসূল! তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কলমসূরা আল-মাআরিজ ›