মুসহাফের 51 নম্বর সূরা, আয়াত 60টি, 520 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. শপথ সেই বায়ুর, যা প্রবলভাবে ধুলাবালি ছড়িয়ে দেয়।
2. অতঃপর শপথ (পানির) বোঝা বহনকারী মেঘমালার,
3. অতঃপর শপথ (সমুদ্রে) স্বাচ্ছন্দ্যে চলমান নৌযানসমূহের।
4. অতঃপর শপথ (আল্লাহর) নির্দেশ বণ্টনকারী ফিরিশতাগণের।
5. তোমাদের (রবের) প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
6. (কিয়ামত দিবসের) প্রতিদান অবশ্যই সংঘটিত হবে।
7. শপথ সৌন্দর্যমন্ডিত আকাশের,
8. নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।
9. এ (সত্য) থেকে কেবল তাকেই বিমুখ করা হয়, যে নিজেই বিমুখ হয়ে গেছে।
10. অনুমানকারীরা ধ্বংস হোক!
11. যারা (পরকাল সম্পর্কে) সন্দেহ-সংশয়ে নিপতিত, উদাসীন।
12. তারা (ঠাট্টাচ্ছলে) জিজ্ঞাসা করে, ‘প্রতিদান দিবস কবে?’
13. (তা হবে সেদিন,) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে।
14. বলা হবে, ‘তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। এটিতো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে।’
15. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,
16. তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতঃপূর্বে (দুনিয়াতে) তারাই ছিল সৎকর্মশীল।
17. রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো।[১]
[১] অর্থাৎ রাতে দীর্ঘ সময় সালাত আদায় করার কারণে তারা খুব অল্প সময়ই ঘুমাতো।
18. আর রাতের শেষ ভাগে এরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত।
19. আর তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতের জন্য একটি নির্ধারিত অধিকার রয়েছে।
20. আর সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে[১] অনেক নিদর্শন রয়েছে।
[১] জমিনে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন রয়েছে। যেমনঃ পাহাড়, সমুদ্র, নদ-নালা, গাছপালা, উদ্ভিদ ও প্রাণীকুল ইত্যাদি।
21. এবং তোমাদের নিজেদের মধ্যেও (আল্লাহর কুদরতের) অনেক নিদর্শন রয়েছে। তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না?
22. আকাশে রয়েছে তোমাদের রিযক ও প্রতিশ্রুত সব কিছু।[১]
[১] অর্থাৎ আকাশে থাকা অর্থ হলো, আল-লাওহুল-মাহফূযে মানুষের রিযক ও ভালো-মন্দ, প্রতিদান ইত্যাদি লিপিবদ্ধ রয়েছে।
23. অতএব আসমান ও জমিনের রবের শপথ! নিশ্চয়ই এটি (পুনরুত্থান) তেমনি সত্য, যেমন তোমাদের কথা বলা সত্য।
24. হে রাসূল! তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে?
25. যখন তারা তার কাছে এসে বলল: ‘সালাম’, উত্তরে সেও বলল, ‘সালাম’, (তোমরা তো) অপরিচিত লোক।’
26. অতঃপর সে নিঃশব্দে তার পরিবারের কাছে গেলো এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে এলো।
27. অতঃপর সে তা তাদের সামনে পরিবেশন করল এবং বলল, ‘তোমরা কি আহার করবে না?’
28. এতে তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বললো: ‘ভয় পেয়ো না।’ তারা তাকে এক বিদ্বান পুত্র সন্তানের (ইসহাকের) সুসংবাদ দিল।
29. তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল এবং নিজ মুখ চাপড়িয়ে (আশ্চর্য হয়ে) বললো: বললো: ‘(আমি তো) বৃদ্ধা, বন্ধ্যা।’[১]
[১] অর্থাৎ আমি বৃদ্ধা, এরপর বন্ধ্যা। যৌবনে আমি সন্তান ধারণের যোগ্য ছিলাম না, আর এখন তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি।
30. ফিরিশতারা বললো: ‘তোমার রব এরূপই বলেছেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’
31. ইবরাহীম বললো: ‘হে প্রেরিত ফিরিশতাগণ! তোমাদের (আগমনের আসল) উদ্দেশ্য কী?’
32. তারা বললো: ‘আমরা এক অপরাধী (লূতের) জাতির নিকট প্রেরিত হয়েছি।’
33. ‘যাতে তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করি।’
34. ‘যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত (করে দেওয়া হয়েছে), সীমালঙ্ঘনকারীদের জন্য (শাস্তিস্বরূপ)।’
35. অতঃপর আমি সেখানে যেসব মু’মিন ছিল তাদেরকে বের করে নিয়ে আসলাম।
36. তবে আমি সেখানে একটি বাড়ি (লূতের পরিবার) ছাড়া কোন মুসলিম পাইনি।
37. আর যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি।
38. আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।
39. কিন্তু ফির‘আউন তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বললো: ‘এ ব্যক্তি যাদুকর অথবা পাগল।’
40. ফলে আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে তো ছিল তিরস্কৃত।
41. আর ‘আদ জাতির ঘটনায়ও[১], যখন আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম অকল্যাণকর-বন্ধ্যা বায়ু।
[১] তাদের যন্ত্রণাদায়ক শাস্তিতে ভয়কারীদের জন্যে নিদর্শন রয়েছে।
42. ঐ (বিধ্বংসী) বায়ু যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।
43. আর সামূদ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘একটি নির্দিষ্ট কাল পর্যন্ত (আমার নি‘আমত) ভোগ করে নাও।’
44. অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করলো। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, আর তখন তারা (অসহায়ের মতো) তা দেখছিল।
45. অতঃপর (শাস্তির সামনে) তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং প্রতিরোধও করতে পারল না।
46. আর ইতঃপূর্বে নূহের সম্প্রদায়কেও। নিশ্চয় তারা ছিল একটি ফাসিক সম্প্রদায়।
47. আর আসমান আমি নিজ শক্তিবলে নির্মাণ করেছি, আর নিশ্চয়ই আমিই এর সম্প্রসারণকারী।
48. আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না উত্তম বিন্যস্তকারী!
49. আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় (যেমন নারী-পুরুষ, রাত-দিন, আসমান-জমিন) সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
50. অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (শাস্তি থেকে) এক সুস্পষ্ট সতর্ককারী।
51. আর তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহ স্থির করো না; আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (এ বিষয়ে) এক স্পষ্ট সতর্ককারী।
52. এভাবে[১] তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে, তারা বলেছে: ‘এ তো একজন যাদুকর অথবা পাগল।’
[১] মক্কাবাসীদের এই মিথ্যাচারের মতো।
53. তারা কি (বংশানুক্রমে) একে অপরকে এই একই উপদেশই দিয়ে গেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
54. অতএব, হে রাসূল! তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না।[১]
[১] কেননা, তুমি তাদের নিকট যে বার্তা নিয়ে এসেছো, তা তাদের কাছে পৌঁছে দিয়েছো।
55. আর তুমি (মানুষকে) উপদেশ দিতে থাক; কারণ উপদেশ মু’মিনদের উপকারে আসে।
56. আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদাত করার জন্যেই সৃষ্টি করেছি।
57. আমি তাদের কাছে কোনো রিযিক চাই না এবং আমি এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে।
58. নিশ্চয় আল্লাহই রিযকদাতা, তিনি প্রবল শক্তিধর, পরাক্রমশালী।
59. সুতরাং যারা যুলম করেছে, তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরিদের অনুরূপ শাস্তি। কাজেই তারা যেন আমার কাছে (শাস্তির জন্য) তাড়াহুড়া না করে।
60. অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য কিয়ামত দিবসের ধ্বংস, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।