মুসহাফের 45 নম্বর সূরা, আয়াত 37টি, 499 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. হা-মীম।
2. মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব আল-কুরআন নাযিলকৃত।
3. নিশ্চয় আসমানসমূহ ও জমিনে মু’মিনদের জন্য নিদর্শনাবলি রয়েছে।
4. আর তোমাদের সৃষ্টিতে এবং (পৃথিবীতে) যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলি রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে।
5. আর রাত ও দিনের আবর্তনে, আকাশ থেকে আল্লাহ যে রিযিক (বৃষ্টি) নাযিল করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন এবং বায়ুর গতিপরিবর্তনে, বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে বহু নিদর্শন।[১]
[১] ফলে তারা তদ্বারা আল্লাহর একত্ববাদ, পুনরুত্থান ও অন্য সব কিছুর উপর তাঁর ক্ষমতার প্রমাণ গ্রহণ করে থাকে এবং তাঁর ওপর ঈমান আনায়ন করে।
6. এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?
7. দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য!
8. সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তিলাওয়াত করা হয়, তারপর সে অহংকারী হয়ে অবিচল থাকে, যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
9. আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
10. তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এসব তাদের কোন উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
11. এই আল-কুরআন হিদায়াত দানকারী। আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরী করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
12. আল্লাহই সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।
13. আর তিনি নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে।
14. হে রাসূল! যারা ঈমান এনেছে তাদেরকে বলো: ‘যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, এরা যেন তাদেরকে ক্ষমা করে দেয়’, যাতে আল্লাহ প্রত্যেক জাতিকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন।
15. যে সৎকাজ করে, সে তার নিজের জন্যই তা করে এবং যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে।
16. আর অবশ্যই আমি বনী ইসরাঈলকে কিতাব, প্রজ্ঞা[১] ও নবুওয়াত দান করেছিলাম; তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছিলাম এবং তাদেরকে (সে যুগের) সকল মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
[১] ‘হুকম’ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। এক-কিতাবের জ্ঞান ও উপলব্ধি এবং দীনের অনুভূতি। দুই-কিতাবের অভিপ্রায় অনুসারে কাজ করার কৌশল। তিন-বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা। চার-ক্ষমতা বা রাজত্ব।
17. আর আমি তাদেরকে দীনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে (নবী মুহাম্মাদ সম্পর্কে) সঠিক জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা-বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছিল। তারা যে সব বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিনে সে সব বিষয়ে মীমাংসা করে দিবেন।
18. অতঃপর, হে রাসূল! আমি তোমাকে দীনের এক বিশেষ পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার অনুসরণ করো এবং (শারী‘আতের ব্যাপারে) যারা জানে না, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।
19. নিশ্চয় তারা আল্লাহর (শাস্তি) থেকে তোমার কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় যালিমরা একে অপরের অভিভাবক; আর আল্লাহই মুত্তাকিদের অভিভাবক।
20. এ আল-কুরআন মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।
21. যারা মন্দকর্ম করেছে, তারা কি মনে করে যে, আমি তাদেরকে ঈমান এনেছে ও সৎকাজ করেছে এমন লোকদের সমান করে দেব, যাতে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যায়? তারা কতই না নিকৃষ্ট ফয়সালা করে!
22. আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার (ভালো-মন্দ) কর্মের প্রতিদান পায়। এক্ষেত্রে তাদের ওপর সামান্যতমও যুলম করা হবে না।
23. তবে হে রাসূল! তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে-শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তিনি তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন।[১] আর তার চোখের ওপর স্থাপন করেছেন আবরণ।[২] অতএব আল্লাহর পর আর কে আছে যে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
[১] ফলে সে উপকৃত হওয়ার মত শ্রবণশক্তি রাখে না। [২] ফলে সে হক দেখে না।
24. আর তারা বলে: ‘দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই। আর মহাকালই আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু ধারণাই করে।
25. আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোন যুক্তি থাকে না যে, ‘[১] তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো।’
[১] মৃত্যুর পর আমরা আবার পুনরুত্থিত হবে এ দাবিতে।
26. হে রাসূল! তুমি বলো: ‘আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান। তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন, যাতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোকই জানে না।’
27. আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
28. হে রাসূল! সেদিন তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নতজানু; প্রত্যেক জাতিকে স্বীয় আমলনামার দিকে ডাকা হবে। (এবং বলা হবে) ‘তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেওয়া হবে।’
29. ‘এটি আমার নির্দেশে লিখিত আমলনামা, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে; নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম।’
30. অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে তাদের রব স্বীয় রহমতে (তাঁর জান্নাতে) প্রবেশ করাবেন। এটিই সুস্পষ্ট সাফল্য।
31. আর যারা কুফরী করেছে (তাদেরকে বলা হবে), ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে। আর তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’
32. আর যখন বলা হতো, ‘আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামতে কোন সন্দেহ নেই।’ তখন তোমরা বলতে, ‘আমরা জানি না কিয়ামত কী? আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই।’
33. আর (সেদিন) তাদের (দুনিয়ায় করা কুফরি ও পাপাচারের) কৃতকর্মের কুফল তাদের সামনে প্রকাশিত হবে, আর তারা যা (যে শাস্তি) নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ধরবে।
34. আর বলা হবে: ‘আজ আমি তোমাদেরকে (শাস্তির মধ্যে) ছেড়ে রাখব, যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে। আর তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকবে না।’
35. ‘এটা এজন্যই যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেয়া হবে না।
36. অতএব সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব।
37. আর আসমানসমূহ ও জমিনের সকল বড়ত্ব-মহত্ত্ব তাঁরই; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।